চট্টগ্রামেও ৪-জিতে ফেল করলো চার অপারেটর, কল কোয়ালিটিতে পিছিয়ে রবি
চট্টগ্রাম বিভাগে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবার (ফোর-জি) পরীক্ষায় বিটিআরসির বেঁধে দেয়া মান উত্তীর্ণ হতে পারেনি দেশের চার মোবাইল অপারেটর। এ ছাড়া বেসরকারি ৩ অপারেটরের মধ্যে এই বিভাগে কল কোয়ালিটিতে পিছিয়ে রয়েছে রবি।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ তথ্য জানিয়েছে।
বিটিআরসির দেওয়া তথ্য অনুযায়ী, ফোর-জি নেটওয়ার্কের মাধ্যমে ডাউনলোড গতি সর্বনিম্ন ৭ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) নির্ধারণ করা হলেও তা ছুঁতে পারেনি দেশের তিন বেসরকারি মোবাইল অপারেটর। আরও পড়ুন- ফের ৪জির গতিতে ফেল করলো চার অপারেটর
বিটিআরসির তথ্য বলছে, অপারেটরগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে রবি, এরপর গ্রামীণফোন। এই দুই অপারেটরের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলালিংক। চট্টগ্রাম বিভাগের জিপি গ্রাহকেরা গড়ে পায় ৪ দশমিক ৯২ এমবিপিএস গতির ইন্টারনেট, রবির গ্রাহকেরা ৩ দশমিক ৫৬ এমবিপিএস এবং বাংলালিংক গ্রাহকেরা গড়ে পায় ৬ দশমিক ১০ এমবিপিএস গতির ইন্টারনেট।
এদিকে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট গতি ছাড়াও মিন অপিনিয়ন স্কোর (এমওএস) : কল কোয়ালিটিতে বিটিআরসির বেধে দেওয়া সর্বনিম্ন মান পার করতে পারেনি রবি। কিওএস নীতিতে এর সীমা ৩ দশমিক ৫ হলেও রবির রয়েছে ৩ দশমিক ৩২।
উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ চট্টগ্রাম বিভাগের দুই হাজার ৮৬০ কিলোমিটার এলাকা জুড়ে এই জরিপ চালায় বিটিআরসি।







